সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা উত্তরে মেয়র হবেন সেলিম উদ্দিন : গোলাম পরওয়ার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কোনো ধরনের কারচুপি ছাড়া যদি নিরপেক্ষ, স্বচ্ছ ও অবাধ নির্বাচন হয়, তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আগামী দিনের মেয়র হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন রচিত ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা মানবিক ঢাকার পুনর্গঠন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই অনুষ্ঠানে ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নগর পরিচ্ছন্নতা অভিযানের বিষয়েও জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজপথের রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি পড়ার টেবিলে বসে চিন্তাভাবনাগুলোকে বইয়ের পাতায় তুলে ধরাটাও বেশ গুরুত্বপূর্ণ কাজ। বৈষম্যহীন দেশ গড়ার যে তাগিদ থেকে মানুষ জুলাই আন্দোলনে মাঠে নেমে এসেছিল, সেই সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তোলার জন্য তিনি লেখকের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো যোগ করেন, দেশকে যেমন মানবিক করে তোলা দরকার, তেমনি দেশের রাজধানী ঢাকাকেও মানবিক ও বৈষম্যহীন করতে হবে; আর ঢাকা যদি একটি ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারে, তবে দেশের অন্য শহরগুলোও একে অনুকরণ করবে।
অনুষ্ঠানের সভাপতি ও বইটির লেখক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ২০১৭ সালে দল থেকে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পর থেকেই তিনি ঢাকাকে নিয়ে বিশদ পড়াশোনা ও চিন্তাভাবনা শুরু করেন। মূলত ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এ নিয়ে তার লেখা বিভিন্ন নিবন্ধ ও ভাবনাগুলোই এই বইটিতে সঙ্কলিত হয়েছে। নাগরিক সেবার সুযোগ পেলে ঢাকাকে উন্নত বিশ্বের আধুনিক নগরগুলোর আদলে সমৃদ্ধ ও মানবিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেজর (অব:) আখতারুজ্জামান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, মুফতি মাওলানা আলী হাসান ওসামা এবং ড. ফয়জুল হক। এ ছাড়া জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা: ফখরুদ্দিন মানিক ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।