নন্দীগ্রামে নামাজে যাওয়ার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মো: মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নে এ হত্যাকাণ্ডটি ঘটে। নিহত মিলন বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামের মো: দিলবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মিলন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিলনের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এখনো কোনো মামলা হয়নি।