ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর তথ্য

ইরানের হামলার শঙ্কায় গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্পভ

Printed Edition

এএফপি

ইরানের সম্ভাব্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেতে গত মাসে চরম গোপনীয়তার মধ্য দিয়ে তুরস্ক ত্যাগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর মূল উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ান’ ব্যবহারের পরিবর্তে একটি খাবার সরবরাহের (ক্যাটারিং) ট্রাকে চড়ে ছোট আরেকটি বিমানে গিয়ে তিনি ব্রিটেনে পৌঁছান। সোমবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট চাঞ্চল্যকর এই তথ্যটি প্রকাশ্যে এনেছে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, গত ৮ জুলাই আঙ্কারা ছাড়ার সময় ট্রাম্প প্রথমে বড় এয়ারফোর্স ওয়ানে প্রবেশ করেন। কিন্তু সাংবাদিক ও কর্মকর্তাদের বিভ্রান্ত করে তিনি বিমানের সাথে যুক্ত থাকা একটি ক্যাটারিং ট্রাকে নেমে যান। পরবর্তীতে সেই ট্রাকে করে তাকে দূরে থাকা ছোট আকারের ‘সি-৩২এ’ বিমানে স্থানান্তর করা হয়, যা তাকে নিরাপদে যুক্তরাজ্যে পৌঁছে দেয়। ওই সময়ে বিমানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছিল, যা কেবল যুদ্ধক্ষেত্রসংলগ্ন অঞ্চলে করা হয়ে থাকে। মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর তরফ থেকে বড় ধরনের নিরাপত্তা হুমকির কারণেই প্রেসিডেন্টের সফরসাথী ও সাধারণের অগোচরে এই কৌশল নেয়া হয়েছিল বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ন্যাটো সম্মেলনে অংশ নিতে কাতারের রাজপরিবারের নিকট থেকে উপহার হিসেবে পাওয়া সংস্কারকৃত বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমানে চেপে তুরস্কে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ১৯৯০ সাল থেকে ব্যবহৃত পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো এই নতুন উপহারের বিমানে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধীব্যবস্থা না থাকায় নিরাপত্তা ঝুঁকি আরো প্রবল হয়ে ওঠে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মূল বিমানে ওঠার পরপরই সেটির নিচ থেকে একটি ক্যাটারিং ট্রাক সরে ছোট সি-৩২এ বিমানের দিকে অগ্রসর হয়। দুই বিমানই ব্রিটেনে অবমুক্ত হওয়ার পর ট্রাম্পকে আবারো বড় বিমানের সিঁড়ি বেয়ে নামতে দেখা যায়, যদিও তিনি কিভাবে আবার আগের বিমানে ফিরে গেলেন তা স্পষ্ট নয়। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার পর হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং জানান, শত্রুপক্ষের হুমকি মোকাবেলায় যাবতীয় সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে ট্রাম্পের এই ঝুঁকিপূর্ণ বিমান পরিবর্তনের ঘটনাটি কাতারের দেয়া উপহারের বিমানের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে বির্তকের সৃষ্টি করেছে।