গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক
Printed Edition
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্য ইউনিয়নে পাঠানোর অভিযোগে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক করেছেন স্থানীয় কৃষকেরা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহীম সার ডিলার সিরাজ হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ সার সরকারি মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খান্জাপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের বটতলা এলাকায় সারবোঝাই একটি ভ্যান আটক করেন স্থানীয় কৃষকেরা। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইব্রাহীমকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে সারগুলো পরিদর্শন করেন এবং ভ্যানচালক ও সার ডিলার সিরাজ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ভ্যান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়। ভ্যানচালক রাশেদ জানান, সকালে তিনি টরকি বন্দরে মাছ নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় বার্থী ইউনিয়নের সার ডিলার সিরাজ হাওলাদার তাকে সারগুলো খানজাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকার সার বিক্রেতা কমলের দোকানে পৌঁছে দিতে বলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহীম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত না করে এক ইউনিয়নের জন্য বরাদ্দ সার অন্য ইউনিয়ন বা উপজেলায় পাঠানো বিধিসম্মত নয়।