পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া : জেলেনস্কি
Printed Edition
রয়টার্স
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রাতভর তীব্র পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গুরুতর অভিযোগ তুলে জানিয়েছেন, ইউক্রেনীয় ভূখণ্ডে তাণ্ডব চালাতে রাশিয়া এখন উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। জেলেনস্কি স্পষ্ট করেন, সম্প্রতি জাপোরিঝিয়া শহরে রুশ তাণ্ডবে উত্তর কোরিয়ায় তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয়। ভয়াবহ ওই হামলায় অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরো ১৯ জন।
অন্য দিকে ইউক্রেনীয় বাহিনীও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভোরোনেঝ-এ পাল্টা আঘাত হেনেছে। সেখানে ‘ওয়াইল্ডবেরিজ’ নামে একটি বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের গুদাম লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়। রাশিয়ায় ‘অ্যামাজন’ নামে পরিচিত এই প্রতিষ্ঠানের স্থাপনাগুলোতে সাম্প্রতিক সপ্তাহগুলোতেও দফায় দফায় হামলা চালানো হয়েছে। এর একদিন আগে সীমান্ত থেকে এক হাজার ১০০ কিলোমিটারেরও বেশি গভীরে অবস্থিত রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হন। গত সোমবার সন্ধ্যায় দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধের ইতিহাসে এই প্রথম রাশিয়া উত্তর কোরিয়ার সরাসরি সহযোগিতা ছাড়া যুদ্ধ টিকিয়ে রাখতে পারছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ইউক্রেন ও ইউরোপীয় অঞ্চলে উত্তর কোরিয়ার সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পাওয়া এবং তাদের সেনা ও অস্ত্র ব্যবহারের অর্থ হলো যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পিয়ংইয়ং নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠছে, যা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।