টাকা পরিশোধ না করায় রিট খারিজ

বিএনপি নেতা শামসুল আলমসহ ৫ জনের বিরুদ্ধে আটকাদেশ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

ব্যাংক এশিয়া খাতুনগঞ্জ শাখার মামলায় মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্স (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা শামসুল আলমসহ ৫ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। অর্থঋণ আদালত নং-১, চট্টগ্রামের বিচারক মো: হেলাল উদ্দিন গতকাল সোমবার এই আটকাদেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, হাইকোর্টের আদেশ অনুযায়ী নির্ধারিত কিস্তির টাকা পরিশোধ না করায় হাইকোট কর্তৃক রিট পিটিশন খারিজ করা এবং সোলেহনামার শর্ত ভঙ্গ করায় এই আটকাদেশ দেয়া হয়েছে। সূত্রমতে, গত বছরের ১৩ জুলাই একই আদালত তাদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ দিলে এর বিরুদ্ধে হাইকোর্টে আসামি পক্ষ রিট পিটিশন দাখিল করেন। পরে হাইকোর্টের নির্দেশনা মতোও টাকা পরিশোধ না করায় হাইকোট রিট খারিজ করেন। এরই প্রেক্ষিতে ব্যাংকের পক্ষে গতকাল পূর্বের আটকাদেশ কার্যকরের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

দেওয়ানি আটকাদেশ দেয়া অন্য আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো: নুরুল আবছার, পরিচালক মো: নুরুল আলম, মিসেস কামরুন নাহার বেগম ও মিসেস তাহমিনা বেগম। ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ৩০ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার টাকা (সুদ মওকুপের পর) আপসের ভিত্তিতে কিস্তিতে পরিশোধের জন্য সোলেহনামা সম্পাদন করলেও আসামিরা তা পরিশোধ করেননি বলে সূত্র জানায়। আদালতের বেঞ্চ সহকারী মো: এরশাদ পাঁচজনের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।