পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
Printed Edition
পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় দেশের ২৪টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৪টি দল এবং পাবনার ১৬টি স্কুল ও কলেজ অংশ নিচ্ছে। প্রথমবারের মতো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে একসাথে জাতীয় পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রউফ। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোবাশ্বিরা গালিবা তন্বী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন পাস্ট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহ এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দল।
এ ছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিতার্কিক দলও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম বলেন, বর্তমান বাস্তবতায় বিতর্কের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। বিতর্ক মানুষকে কোনো বক্তব্য শুনেই বিশ্বাস না করে প্রশ্ন করতে এবং কোনো দাবি গ্রহণের আগে তার পক্ষে প্রমাণ খুঁজতে শেখায়।
প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর ও পাবিপ্রবি প্রেস ক্লাব।