এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকারের ‘দায়’ দেখছে সিপিবি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে সরকারের দায় দেখছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।

দলটির নেতারা বলছেন, বাজারে ‘কৃত্রিম’ সঙ্কট তৈরি করে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দেয়া হচ্ছে, অথচ সরকার তাদের ধরছে না, তার মানে কি? তলে তলে সরকারের ‘সায় আছে’? না হলে, এত বড় সাহস তারা পায় কোথায়?

গতকাল বৃহস্পতিবার কাওরান বাজারের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে গ্যাস সমস্যার সমাধান ও গ্যাস সিলিন্ডারের ‘নৈরাজ্য’ দূর করার দাবিতে বিােভ শেষে সমাবেশে এসব কথা বলেন সিপিবি নেতারা।

সম্প্রতি রান্নায় ব্যবহৃত এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম প্রায় দুই হাজার টাকায় গিয়ে ঠেকে। এর পরিপ্রেেিত দেশজুড়ে অভিযান শুরু হলে গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার থেকে তারা এ কর্মসূচি পালনের অংশ হিসেবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার ঘোষণা দেয়।

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির জন্য সরকারকে ‘দায়’ দিয়ে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেছেন, আগামী তিন দিনের মধ্যে এলপিজির দাম না কমালে এবং সঙ্কট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বহুগুণ বৃদ্ধি বন্ধ না করতে পারলে দেশের জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা। তিনি বলেন, ঢাকা শহরের পাড়া মহল্লায় পাইপে গ্যাস না থাকার কারণে আজকে বাসা বাড়িতে চুলা জ্বলছে না। এই সঙ্কট আমরা দীর্ঘদিন ধরে ল্য করছি। আমরা দেখছি যে এই সঙ্কট নিরসনের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেন না।

‘অন্তর্বর্তী সরকার আছেন... তারা অনেক বড় বড় কথা বলছেন। তারা বাংলাদেশকে সিঙ্গাপুর প্যারিস লন্ডন পর্যন্ত বানিয়ে ছাড়ছেন। অথচ এই বাংলাদেশের সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে সেটাকে তারা বিবেচনা নিচ্ছেন না।’

সরকারের সায় না থাকলে কৃত্রিম সঙ্কট তৈরি করে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় কিভাবে, এমন প্রশ্ন রেখে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স বলেন, এই যে ওনাদের অফিস (তিতাস গ্যাস কার্যালয়) রাখবে কি, রাখবে না এটা তো সরকারের দায়িত্ব। সরকারের অন্যতম দায়িত্ব হলো যে অফিস যদি রাখে... অফিস যাতে ঠিক মতো দায়িত্ব পালন করে।

এখন অফিস কি ঠিকমতো দায়িত্ব পালন করতেছে? আপনারা কি বাসা বাড়িতে ঠিকমতো গ্যাস পাচ্ছেন? কারখানায় কি গ্যাস যায়? আমাদের সার উৎপাদন গ্যাসের সঙ্কটে বন্ধ হয়ে আছে না? এর জন্য দায়ী হলো সরকারের নীতি।

‘আমাদের দেশের মাটির নিচে গ্যাস আছে, সেই গ্যাস ঠিক মতো তোলা হচ্ছে না।

যতটুকু তোলা হয় তাও ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না। এইটার পেছনে নতুন নাটক আছে। যদি দেশের গ্যাস ঠিক মতো তুলে সরবরাহ করলে দাম তো কমে যাবে। এই সরবরাহ যদি ঠিকমতো না থাকে, তাহলে বিদেশ থেকে গ্যাস এনে বিক্রি করতে পারে।’