রংপুর-৪ এ আখতারের পক্ষে কাজ করবে জামায়াত
Printed Edition
পীরগাছা (রংপুর) সংবাদদাতা
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হওয়ায় তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান। জোটগত সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি আখতারকে সমর্থনের কথা জানান।
স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘কেন্দ্র ও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলের সিদ্ধান্তে জোটসঙ্গী এনসিপির আখতার হোসেনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’
কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত এ আসনে স্বাধীনতার পর আওয়ামী লীগ ছয়বার, জাতীয় পার্টি চারবার এবং বিএনপি একবার জয়ী হয়েছে। এবার আসনটিতে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি কাউনিয়ার মধুপুর এলাকার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন। এর আগে তরুণ এই রাজনীতিবিদ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তিরও প্রতিষ্ঠাতা। বিগত জুলাই আন্দোলনেও আখতার হোসেনের বড় অবদান ছিল।
এ দিকে মাওলানা এ টি এম আজম খানও রাজনীতির মাঠে পরীক্ষিত নেতা। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং রংপুর মহানগরের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ তিনি।