ইয়েমেনে নতুন লড়াইয়ে ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত
Printed Edition
রয়টার্স
ইয়েমেনে নতুন করে শুরু হওয়া তীব্র লড়াইয়ে গত এক সপ্তাহে অন্তত ৪৬ হাজার মানুষ গৃহহীন ও বাস্তুচ্যুত হয়েছে। উদ্ভূত এই মানবিক সঙ্কটের মাঝেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর মুখে অবস্থিত ‘পেরিম দ্বীপে’ অবস্থান নিয়েছে হাউছি যোদ্ধারা। জাতিসঙ্ঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সতর্ক করে জানিয়েছে, সঙ্ঘাত চার দিকে ছড়িয়ে পড়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রতি ঘণ্টায় বাড়ছে।
আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ জানান, সঙ্ঘাতের ভয়াবহতায় বহু পরিবারকে দ্বিতীয় বা তৃতীয়বারের মতো ভিটেমাটি ছেড়ে পালাতে হচ্ছে। জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ায় তিনি ত্রাণবাহী বহরের নিরাপদ যাতায়াত এবং বেসামরিক নাগরিক ও মানবিক কর্মীদের সুরক্ষার জোর দাবি জানান।
অন্য দিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনী পিছু হঠায় দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূল থেকে বাব আল-মান্দেব পর্যন্ত পুরো এলাকার নিয়ন্ত্রণ এখন হাউছিদের হাতে। তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহর যুদ্ধ এবং খালিদ ইবনে আল-ওয়ালিদ ঘাঁটির পতনের পর হাউছিরা বিনা বাধায় কৌশলগত মোখা বন্দর দখল করে নেয়। এরপর তারা দ্রুত এগোতে এগোতে পেরিম দ্বীপে পৌঁছে যায়, যা বিশ্বের অন্যতম প্রধান এই সামুদ্রিক রুটের ওপর তাদের সামরিক নিয়ন্ত্রণ আরো সুদৃঢ় করেছে।