ডেঙ্গুতে ২ জনের মৃত্যু : সারা দেশে ভর্তি ৭৯০
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯০ জন। এটা একটি আংশিক হিসাব, কারণ সরকাবিভাবে অন্যান্য দিনের চেয়ে প্রতি শুক্রবার ডেঙ্গুর রোগী তুলনামূলক কম থাকে। আগের দিন বৃহস্পতিবারের সাথে কোনো সামঞ্জস্য থাকে না। যেমন গতকাল শুক্রবার সারা দেশে ডেঙ্গু রোগী দেখানো হয়েছে ৭৯০ জন; কিন্তু আগের দিন বৃহস্পতিবার হাসপাতালে এক হাজার ৭৯২ জনের ভর্তির তথ্য দেয়া হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক রোগী কমে যাওয়াটা স্বাভাবিক নয়। তবে জানা গেছে, শুক্রবার দেশের বেসরকারি হাসপাতাল থেকে কোনো তথ্য পাওয়া যায় না, এমনকি যারা তথ্য দেবে এমন কর্মকর্তা-কর্মচারী শুক্রবার বন্ধের দিন বলে সরকারি হাসপাতালেও থাকে না। ফলে স্বাস্থ্য অধিদফতর তথ্য পায় না। সে কারণে ৭৯০ জনের হাসপাতালে ভর্তি এটা মোটেও বাস্তব নয়; কিন্তু এটাই সারা দেশের ডেঙ্গুর চিত্র বলে চালিয়ে দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল শুক্রবার যে তথ্য দিয়েছে তাতে যে দুইজনের মৃত্যুর কথা বলা হয়েছে তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন। মৃতদের মধ্যে একটি শিশু রয়েছে এবং অপর ব্যক্তির বয়স ৪১ থেকে ৪৫ বছর এবং তাদের দুইজনই পুরুষ। চলতি বছরের গত জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত সাড়া দেশে মোট ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত মারা গেছে এবং একই সময়ে সারা দেশে ৪৯ হাজার ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে। একই সময়ে ৪৫ হাজার ৬৪৫ জন রোগী সুস্থ হয়ে অথবা তাদের নিজের ইচ্ছায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
অবশ্য গতকাল সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ২৪৯ জন। ঢাকায় সারা দেশের মানুষ চিকিৎসা নিতে আসে বলে এখানে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। তবে গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ৬০ জন ভর্তি হয়েছিল। এ ছাড়া বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন। তবে রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৮ জন এবং সিলেট বিভাগের কোনো হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। ঢাকা বিভাগে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৬১ জন।
গত আগস্টে ঢাকার বাইরে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হলেও হলেও মৃত্যুর দিক থেকে ঢাকা সিটির বাইরে খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২৫ জন। সারা দেশে ডেঙ্গুতে যে ১৪১ জনের মৃত্যু হয়েছে সেখানে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৭২ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৪৬ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১৮ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ১৮ জন, বরিশাল বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে সাতজন, রাজশাহীতে চারজন, রংপুর ও সিলেট বিভাগে একজন করে দুইজনের মৃত্যুহয়েছে।
ময়মনসিংহে আরো একজনের মৃত্যু
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনির হোসেন (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা: মো: সেলিম উদ্দিন বিগত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনির হোসেন ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাউখালীতে প্রধান শিক্ষকের মৃত্যু
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল (৪৭) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
গতকাল শুক্রবার রাত ৩টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীপক চন্দ্র শীল উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।