বলেশ্বর নদীতে জালে রহস্যময় ডিভাইস চাঞ্চল্য পাথরঘাটায়
Printed Edition
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে ড্রোন বা টর্পেডো সদৃশ একটি রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় জেলে ও এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিভাইসটি বর্তমানে পাথরঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে পাথরঘাটার বাসিন্দা মিরাজ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে। এ সময় ট্রলারে থাকা ছয় জেলে জালে ভারী কোনো বস্তুর উপস্থিতি টের পান। জাল টেনে তুললে তারা অদ্ভুত আকৃতির একটি ইলেকট্রনিক ডিভাইস দেখতে পান, যা দেখতে অনেকটা ড্রোন বা টর্পেডোর মতো।
নদীর মধ্যে এমন অচেনা বস্তু দেখে জেলেরা আতঙ্কিত হয়ে মাছ ধরা বন্ধ করে দ্রুত তীরে ফিরে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, তারা এর আগে নদীতে এ ধরনের কোনো বস্তু দেখেননি। তাই নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত তীরে ফিরে আসেন।
পাথরঘাটা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিভাইসটি কী ধরনের যন্ত্র, এটি কোনো ড্রোন, সামুদ্রিক গবেষণার সরঞ্জাম নাকি অন্য কিছু, তা বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া এটি কোথা থেকে এসেছে এবং কোন দেশের তৈরি, সেটিও তদন্তের মাধ্যমে জানা যাবে।