সোমালিল্যান্ড ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে সোমালিয়ায় বিক্ষোভ
Printed Edition
টিআরটি ওয়ার্ল্ড
সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ার ঘোষণার পর ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সোমালিয়া। মঙ্গলবার রাজধানী মোগাদিসুসহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা ইসরাইলের পদক্ষেপকে সোমালিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন।
রাজধানী মোগাদিসুর স্টেডিয়ামে আয়োজিত বিশাল সমাবেশে জড়ো হন ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী ও সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বক্তারা বলেন, ইসরাইল সোমালিয়ার অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক বক্তা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রসঙ্গ টেনে সোমালিয়ার ক্ষেত্রেও একই ধরনের বিভাজন সৃষ্টির অপচেষ্টার নিন্দা জানান। শুধু মোগাদিসু নয়, বাইদাবো, হোবিও, হুদুর ও লাস আনোদের মতো শহরগুলোতেও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। হাতে জাতীয় পতাকা এবং ঐক্যবদ্ধ স্লোগানসংবলিত ব্যানার নিয়ে সাধারণ মানুষ বিদেশী হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।
১৯৯১ সালে সোমালিয়ার উত্তরাঞ্চল নিজেকে স্বাধীন ঘোষণা করে সোমালিল্যান্ড নাম দিলেও এত দিন বিশ্বের কোনো দেশ তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ইসরাইলের এ স্বীকৃতিকে সোমালিয়া সরকার অবৈধ ও উসকানিমূলক হিসেবে আখ্যা দিয়েছে। তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এরই মধ্যে সোমালিয়ার অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের এ পদক্ষেপের সমালোচনা করেছে। মোগাদিসু প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, সোমালিল্যান্ড তাদের অবিচ্ছেদ্য অংশ এবং এ ধরনের একতরফা সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।