চট্টগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
সচেতনতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধের মূল ভিত্তি -বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশস ডিজিজেস (বিআইটিআইডি)-এর উদ্যোগে ‘ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট (২০২৫ গাইড লাইন অনুযায়ী)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: সেখ ফজলে রাব্বি। প্রশিক্ষণের মূল আলোচক ছিলেন অধ্যাপক ডা: মামুনুর রশীদ, ডা: মো: আবু বক্কর সিদ্দিক, ডা: আয়েশা ফারহানা, ডা: রুমানা রশীদ, ডা: প্রণব কুমার বড়–য়া, ডা: মাহবুব আনাম শাহরিয়ার খান ও ডা: তাবাসসুম ফেরদৌসী। চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও মেডিক্যাল অফিসাররা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার সভাপতি বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: ইফতেখার আহমদ তার স্বাগত বক্তব্যে ডেঙ্গুবিষয়ক বিবিধ আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: সেখ ফজলে রাব্বি ডেঙ্গু প্রতিরোধ এবং যথাযথ ও সময়মত চিকিৎসাসেবা প্রদান করে ডেঙ্গুর মৃত্যুহার কমানোর ওপর জোর দেন। তিনি বলেন, ডেঙ্গু একটি মারাত্মক রোগ। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটি প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য সর্বত্র জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতনতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধের মূল ভিত্তি। এর লক্ষণগুলো জানা এবং মশা নিধন ও পরিস্কার-পরিচছন্নতা বজায় রাখার মাধ্যমে নিজেকে ও পরিবারকে রক্ষা করা জরুরী। এ রোগের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে তাগিদ দেন তিনি।