যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
প্রায় এক বছর বিরতির পর টি-২০ খেলতে নামে বাংলাদেশ। কিছু অস্বস্তি আর জড়তা ছিল স্বাভাবিক। তবে সবচেয়ে বড় স্বস্তি, প্রত্যাশিত জয় দিয়ে আসর শুরু করতে পেরেছে নিগার সুলতানার দল। শারমিনের ঝড়ো ফিফটির পর নাহিদা আক্তার ও রিতু মনির দারুণ বোলিংয়ে ধরা দিয়েছে জয়। নেপালে মুলপানিতে উইমেন’স টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে ২২ রানে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ১৫৯ রান করে। আন্তর্জাতিক টি-২০তে টাইগ্রেসদের এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। রান তাড়ায় যুক্তরাষ্ট্র ২০ ওভারে করেছে ১৩৭ রান। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ আগামিকাল পাপুয়া নিউ গিনির বিপক্ষে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে তিন ওভারে ২৬ রান এনে দেয় উদ্বোধনী জুটি। চারটি চারে আট বলে ১৭ রান করে আউট হন দিলারা আক্তার। ঘরোয়া ক্রিকেটে মারকাটারি ব্যাটিংয়ে নজর কেড়ে জাতীয় দলে আসা জুয়াইরিয়া ফেরদৌস আন্তর্জাতিক অভিষেকে খুব ভালো করতে পারেননি। তার ইনিংস শেষ হয় ২৩ বলে ১৭ রান করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ফেরেন দ্রুত (৫ বলে ২)। যুক্তরাষ্ট্রের দুই মিডিয়াম পেসার মাহি মাধাবান ও ইসা ভাগেলায় ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল তিন উইকেটে ৬৮।
চতুর্থ উইকেটে শারমিন ও সোবহানা মোস্তারির ৬৩ রানের জুটি গড়েন। ২৯ বলে ৩২ রান করে আউট হন সোবহানা। শারমিন ফিফটি করেন ৩২ বলে। ৩৯ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন শারমিন। টি-২০তে তার আগের সর্বোচ্চ ছিল ৩৮। শেষ দিকে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। শেষ সাত ওভারে ৭৭ রান তোলে বাংলাদেশ।
জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ পায় ২১ রানের জয়। যদিও ৪২ রানের উদ্বোধনী জুটিতে টাইগ্রেসদের ভয় পাইয়ে দিয়েছিলেন দিশা ধিংরা ও চেতনা পাগিদিয়ালা। দিশা ২৩ ও চেতনা ৩৬ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয় শুরু হয়। ঋতু সিং ১৩ বলে ৩৩ রানের ক্যামিও খেললেও জেতাতে পারেননি দলকে। বাংলাদেশের নাহিদা আক্তার ২৪ রানে চার উইকেট নেন নাহিদা। সফলতম এই বোলার এ নিয়ে দ্বিতীয়বার পেলেন ম্যাচে চার উইকেট। এ ছাড়া তার ঝুলিতে পাঁচ উইকেটও আছে দুবার। রিতু মণি তিনটি ও রাবেয়া খান দু’টি উইকেট শিকার করেন।