মন্ত্রণালয়ে রদবদল হচ্ছে

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

Printed Edition
back-1
ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী, শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন চারজন পূর্ণ মন্ত্রী ও দু’জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।

শপথ নেয়া নতুন চারজন পূর্ণ মন্ত্রী হলেন- ড. আবদুল মঈন খান (নরসিংদী-২), রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১), সাচিং প্রু জেরী (বান্দরবান) এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ (ভোলা-১)। তাদের মধ্যে রশিদুজ্জামান মিল্লাত আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অন্য দিকে নতুন দুই প্রতিমন্ত্রী হলেন- গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং টেকনোক্র্যাট কোটায় স্থান পাওয়া সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শপথ অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংবিধান রক্ষা, সমর্থন ও দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বজায় রেখে বিশ্বস্ততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

নতুন এই অন্তর্ভুক্তির ফলে বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম দফায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, নতুন মন্ত্রী ড. আবদুল মঈন খান পেতে পারেন মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। বিজেপি প্রধান আন্দালিভ রহমান পার্থ পেতে পারেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব; আর এই মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে।

এ ছাড়া সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (পূর্ণ মন্ত্রী হিসেবে) এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে। টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পেতে পারেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব।

সম্ভাব্য এই পরিবর্তনের কারণে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে।