ইব্রাহিম পুরো সিজনের জন্যই ফর্টিসে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
‘যদি এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলতে না পারি তাহলে খুবই খারাপ লাগবে।’ চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে জয় সূচক গোলের পর এই মন্তব্য করেছিলেন ইব্রাহিম। তবে এই ফরোয়ার্ডের এই আফসোস আর থাকছে না। মুরাসের বিপক্ষে ম্যাচের জন্য তাকে লোনে নিয়েছিল ফর্টিস। এখন তাকে পুরো সিজনের জন্যই দলভুক্ত করেছে ক্লাবটি। জানান ফর্টিসের কোচ মাসুদ পারভেজ কায়সার। ফলে ১৭-২৩ অক্টোবর কুয়েতের মাঠে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের খেলায় ইব্রাহিমের অংশ নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
শুধু ইব্রাহিমই নয়। আক্রমণভাগকে শক্তিশালী করতে বিদেশী আরো একজন স্ট্রাইকার খুঁজছে ক্লাব কর্তৃপক্ষ। কায়সার জানান, আমরা গাম্বিয়া এবং নাইজেরিয়ার থেকে আরেকজন স্ট্রাইকার আনার চেষ্টা করছি। এ ছাড়া দুই জাপানি ডিফেন্ডারকেও তাড়াতাড়ি দেশে এনে অনুশীলনে নামানোর চেষ্টা চলছে। উল্লেখ্য, অনুশীলন চালিয়ে যাচ্ছে ফর্টিস।
গ্রুপ পর্বে ফর্টিস পেয়েছে ভারতের এফসি গোয়া, কুয়েতের কাদসিয়া ক্লাব এবং তাজিকিস্তানের রেগার টাডাজকে। খেলা হবে কুয়েতে। কুয়েতের গ্রুপে খেলা পড়ায় খুশি কায়সার। তার মতে, যদি ভুটান বা কিরগিজস্তানের গ্রুপে খেলা পড়ত তাহলে আমাদের খেলতে হতো শীতের মধ্যে। কারণ তখন বাংলাদেশে গরম থাকবে। এতে সমস্যা হতো। কিন্তু কুয়েতে খেলা পড়ায় ঠাণ্ডা সমস্যার মোকাবেলা করতে হচ্ছে না। তার মতে, আমরা যেভাবে মুরাসকে হারিয়েছি, ফুটবলাররা যদি সেই স্পিরিটে খেলতে পারে তাহলে গ্রুপ পর্বেও ভালো করা সম্ভব।
ফর্টিসের জন্য এখন ঘরোয়া ফুটবল শুরুটা জরুরি হয়ে গেছে। কায়সার জানান, আমরা যদি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব খেলতে কুয়েত যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল লিগের কয়েকটি ম্যাচ খেলতে পারি তাহলে প্রস্তুতিটা ভালো হবে। দলটিকে আরো গুছিয়ে নিতে পারব।