জাতীয় দলে এবার জিমিরা দুই ভাই

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের হকিতে দুই বা ততোধিক ভাইয়ের উপস্থিতি নতুন নয়। তবে এবার এই প্রথম একসাথে জাতীয় দলে ডাক পেয়েছেন দুই ভাই। তারা হলেন- রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিন। ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। এ জন্য গতকাল বাংলাদেশ হকি ফেডারেশন পুরুষ দলের যে চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে তাতে নাম আছে জিমি ও রাকিনের। জিমিকে গত কমিটির সময় বয়সের কারণে বাদ দেয়া হয়েছিল। এবার রাখা হয়েছে অভিজ্ঞ এই সেন্টার ফরোয়ার্ডকে। ফলে ২০২৩ সালের পর ফের জাতীয় দলে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তার সাথে ছোট ভাই রাকিন ক্লাব হকিতে একসাথে খেললেও জাতীয় দলে এই প্রথম। রাকিন এর আগে এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। উল্লেখ্য, দূর্দান্ত স্টিক ওয়ার্কের জন্য নামকরা এই জিমি। প্রয়াত ও প্রখ্যাত হকি কোচ আবদুর রাজ্জাক সোনা মিয়ার ছেলে জিমি ও রাকিন। রাকিন ঊষা ও অ্যাজাক্সে খেলার পর সর্বশেষ মোহামেডানে ছিলেন। সেখানে একসাথে খেলেছেন বড় ভাই জিমির সাথেও।

২৪ জনের স্কোয়াড় থেকে বাদ পড়েছেন আল নাহিয়ান, ফজলে হোসেন ও আমান শরীফ। স্ট্যান্ডবাই হিসেবে আছেন মেহরাব হোসেন সামিন, নুরুজ্জামান নয়ন ও ফজলে হোসেন।

এশিয়ান গেমসের জন্য ঘোষিত বাংলাদেশ দল : বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, রোমান সরকার, শাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা মিমো, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান রকি।