ম্যাকাইয়ে কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে চাই : শান্ত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডারউইন অসিদের ৯ উইকেটে হারিয়ে প্রত্যাশার পারদ এখন উঁচুতে। ম্যাকইয়ে টেস্ট শুরুর আগে টাইগার অধিনায়ক জানান, প্রিপারেশন ভালো, ওয়েদারটা একটু ডিফারেন্ট, ওখানকার থেকে এখানে একটু ঠাণ্ডা। বাতাসটাও একটু বেশি। ম্যাচের শুরুর আগে দুই দিন পরিপূর্ণ অনুশীলন করেছে বাংলাদেশ দল। মোটামুটি দুই দিনে প্লেয়াররা একটা ভালো আইডিয়া পেয়েছে। সব মিলে প্রস্তুতি ভালোই হয়েছে। প্র্যাকটিসে মুশফিকও তানজিদের ব্যথা নিয়ে জানান, দু’জনই ঠিক আছে। সব মিলে কালকে (আজ) সকালে একটা ভালো ডিসিশন নিতে পারব।

উইকেট-বাতাস, এক দিকে ম্যাকাইয়ের পেস-সহায়ক কন্ডিশন, আরেক দিকে প্রথম টেস্টে পরাজয়ের পর অস্ট্রেলিয়ার সিরিজ হারের সাথে ধবলধোলাই এড়ানোর তাড়না- সবকিছুর পরও ম্যাকাইতে বড় কিছুর আশাই করছেন বাংলাদেশের মানুষ আর অস্ট্রেলিয়াপ্রবাসী সমর্থকেরা। তবে সব মিলে অধিনায়ক হিসেবে বেশ সন্তুষ্ট শান্ত।

শান্ত বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। হ্যাঁ, আবহাওয়াটা একটু ভিন্ন। ওখানকার তুলনায় একটু ঠাণ্ডা, বাতাসটাও বেশি। তবে আমার মনে হয়, দুই দিনের অনুশীলনে সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছে।’

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি- সেটি গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’

ডারউইনের জয়ের ব্যাপারে অধিনায়ক বলেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ। তবে দলের সবাই সেই জয়ের আবেশ থেকে বেরিয়ে এসে ম্যাকাই টেস্টে নতুন করেই শুরু করবেন।’

দলের মধ্যে টুকটাক যেসব চোটের সমস্যা ছিল, সেগুলোও এখন আর নেই বলে জানিয়েছেন নাজমুল। কাল (গত পরশু) অনুশীলনে আঙুলে চোট পাওয়ার পরই মুশফিকুর রহীম আবার ব্যাটিং করেছেন। ব্যাটিং অনুশীলন করেছেন আজও (গতকাল), তবে একটু কম সময় নিয়ে। ঘাড়ের আড়ষ্টতার কারণে কাল (গত পরশু) ব্যাটিং অনুশীলন করেননি ডারউইনে সেঞ্চুরি করা ওপেনার তানজিদ হাসান। তবে আজ (গতকাল) স্ক্যান করিয়ে এসে নেটে ব্যাটিংও করেছেন তিনি। তবে তানজিদের খেলার ব্যাপারে আজই (গতকাল) নিশ্চিত করে কিছু বলেননি তিনি। নাজমুল বলেন, ‘তামিমের বিষয়ে যেটা বললেন, আজকের দিনটা ইতিবাচক। তবে কাল (আজ) সকাল পর্যন্ত আমরা আরেকটু দেখতে চাই। আশা করি সে ঠিক হয়ে যাবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে, তাই মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’

সব মিলে অধিনায়কের কণ্ঠে আপাতত স্বস্তি, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও (তানজিদ) আজকে ব্যাটিং করেছে। আমার মনে হয়, কাল সকালে (আজ) আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’