কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা : ৪ আসামির স্বীকারোক্তি
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। একই মামলায় অপর আসামি ইসমাইল হোসেন জনিকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বিকেলে কুমিল্লা চিফ জুডিশিয়াল আদালত-৬ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার পাঁচ আসামির মধ্যে চারজন স্বেচ্ছায় জবানবন্দী দিতে সম্মত হন। তারা হলেন ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)। এর আগে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম এনতেখাব চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, বুলেট বৈরাগীকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রী সেজে ফাঁদে ফেলে হত্যা করে। রোববার কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়।
গত ২৪ এপ্রিল প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন ২৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে পুলিশ। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।