ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নতুন নির্দেশনা
সুবিধাভোগীদের কাছে দ্রুত অর্থ পৌঁছে দিতে হবে
Printed Edition
বিশেষ সংবাদদাতা
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুততম সময়ে গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বোচ্চ এক থেকে দুই কার্যদিবসের মধ্যে ইনওয়ার্ড রেমিট্যান্সের অর্থ গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে হবে। এতে রেমিট্যান্স প্রক্রিয়ায় দীর্ঘ অপেক্ষা কমবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। সার্কুলারটি তাৎণিকভাবে কার্যকর হলেও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রযুক্তিগত সমতা গড়ে তুলতে ৩১ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিট্যান্স একই দিনে গ্রাহকের অ্যাকাউন্টে জমা দেবে। আর ব্যাংকিং সময়ের পর ইনওয়ার্ড রেমিট্যান্সের বার্তা এলে তা পরবর্তী কার্যদিবসে জমা নিশ্চিত করতে হবে। একই সাথে রেমিট্যান্সের বার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে গ্রাহককে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
রেমিট্যান্স দ্রুত প্রক্রিয়াকরণের জন্য ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) অথবা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে। গ্রাহকের প্রোফাইল, লেনদেনের পরিমাণ, লেনদেনের ধরন ও সংশ্লিষ্ট দেশের ঝুঁকি বিবেচনায় নিয়ে এসব প্রক্রিয়া বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।
নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রয়োজনীয় মৌলিক তথ্য পাওয়া গেলে কিছু নথিপত্র বা আনুষ্ঠানিকতা বাকি থাকলেও গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্সের অর্থ জমা দেয়া যাবে। পরে পোস্ট-ক্রেডিট রিভিউয়ের মাধ্যমে বাকি যাচাই-বাছাই সম্পন্ন করা হবে। তবে যেসব েেত্র পোস্ট-ক্রেডিট যাচাই সম্ভব নয়, যেমন- নতুন গ্রাহক, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা লেনদেন বা অসম্পূর্ণ তথ্যযুক্ত রেমিট্যান্স সেসব েেত্র টাকা জমার আগে যাচাই সম্পন্ন করে সর্বোচ্চ তিন কার্যদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
রেমিট্যান্স প্রক্রিয়ায় গতি আনতে ব্যাংকগুলোকে নস্ট্রো অ্যাকাউন্টের ‘অ্যান্ড-অব-ডে’ স্টেটমেন্টের ওপর নির্ভরতা কমিয়ে ইন্ট্রা-ডে ক্রেডিট কনফার্মেশন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে নস্ট্রো রিকনসিলিয়েশন সাধারণত ৬০ মিনিটের বেশি ব্যবধানে না করার নির্দেশ দেয়া হয়েছে।
পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিক অ্যান্ড-টু-অ্যান্ড ট্রানজাকশন রেফারেন্স (ইউইটিআর) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণ থেকে শুরু করে গ্রাহকের অ্যাকাউন্টে চূড়ান্তভাবে অর্থ জমা হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ সহজে পর্যবেণ করা যাবে।
এ ছাড়া বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আরো ডিজিটাল ও সহজ করতে ব্যাংকগুলোকে শক্তিশালী ডিজিটাল ফরেন এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম গড়ে তোলার নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যবস্থা পুরোপুরি চালু হলে ভবিষ্যতে ফরম-সি এবং ফরম-সি (আইসিটি) ব্যবহারের প্রয়োজনীয়তা বাতিল করা হবে।
ব্যবসায়ী ও ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে প্রবাসীদের মধ্যে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আস্থা বাড়বে এবং দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরো গতিশীল ও স্বচ্ছ হবে।