চট্টগ্রামে ২ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়ক ও কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাউজান পাহাড়তলী ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যান।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯) নামে দুই বন্ধু মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন। পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় একটি দ্রুত গতির লরির সাথে মুখোমুখি সংঘর্ষে শুভ ঘটনাস্থলেই মারা যান। আর ওমরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহত শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে, আর আব্দুল্লা আল ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

বিয়ের পাত্র নিহত

রাঙ্গুনিয়া-কাপ্তাই সংবাদদাতা জানান, বিয়ের পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অপু দাশ (৩০) নামে এক যুবক। ফলে বিয়ের আনন্দের আয়োজন নিমিষেই বিষাদে পরিণত হয়েছে। নিহত নাম অপু দাশ রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া উত্তর (সাবেক রাঙ্গুনিয়া) গ্রামের বাঘার বাড়ির মৃত বাদল দাশের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকার দ্য বিসিসিইউএল জেনারেল হাসপাতালের মার্কেটিং অফিসার অপু দাশ শুক্রবার দুপুরে বাগোয়ান এলাকার গঙ্গা মন্দিরে বিয়ের পাত্রী দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজসংলগ্ন কাতালপীর শাহ দরগাহের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করলে রাত ১১টার দিকে সেখানে মারা যান।