বিভিন্ন স্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ এসব জানাজায় অংশ নেন।
বগুড়া অফিস জানায়, গতকাল বাদ জোহর বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। পূর্ব ঘোষণা ছাড়াই গায়েবানা জানাজা আদায়ের জন্য শত শত মানুষ ছুটে আসেন আলতাফুন্নেছা খেলার মাঠে। ঢাকায় জানাজা শুরু না হওয়ায় অপেক্ষায় থাকেন মুসল্লিরা। এ সময় শহরের বাইরে থেকেও শত শত মুসল্লি সেখানে উপস্থিত হন। বেলা ৩টার দিকে ঢাকায় জানাজা শুরু হলে এখানেও জানাজা শুরু হয়।
এদিকে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বগুড়ায় সব ধরনের সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠান বন্ধ ছিল। বগুড়া শহরের বিভিন্ন মার্কেট, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রেখে কালো ব্যানার টানিয়ে শোক পালন করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করে।
রংপুর ব্যুরো জানায়, রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে বেলা আড়াইটায় জানাজায় রেঞ্জ ডিআইজি আমিরুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, বিএনপি, জামায়াত, এমসিপি জাতীয় পার্টিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ইমামতি করেন মাওলানা হামিদুল ইসলাম।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুষ্টিয়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। খালেদা জিয়ার সম্মানে কুষ্টিয়া চেম্বারের পক্ষ থেকে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জানাজা শেষে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা হয়। বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে স্থানীয় কুওয়াতুল ইসলাম আলিয়া মাদরাসা প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া অনেক স্থানে দোয়া এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়।
সৈয়দপুর, (নীলফামারী) সংবাদদাত জানান, বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কে এ আয়োজন করা হয়।
জানাজায় ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা কাজী সাইদুর রহমান। জানাজা শেষে দোয়া, মুনাজাত পরিচালনা করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক কারি মকসুদ আলম। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেয়।