উন্নয়ন প্রকল্পের দুর্নীতির গলা টিপে ধরব : ড. মাসুদ এমপি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, উন্নয়ন প্রকল্পের আমরা যেকোনো দুর্নীতির গলা টিপে ধরব। এক টাকা দুর্নীতি করে কেউ গিলে ফেললে তার পেট থেকে ওই টাকা খুঁজে বের করা হবে। গত শুক্রবার বিকেলে বাউফলের নওমালা ইউনিয়নের নগরের হাটে টোল ঘরের নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, এটি জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প। তাই এই কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং সাধারণ জনগণকে এই কাজের সঠিক তদারকি করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওমালার বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম মৃধা, নওমালা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মকবুল আহমেদ, আদাবারিয়া ইউনিয়ন জামায়াতের আমির কবির হোসেন, সংশ্লিষ্ট ঠিকাদার রেজাউল করিম এবং উপজেলা সহকারী প্রকৌশলী ফয়সাল ফরাজিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।