ওপেন এআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মাস্কের মামলা
Printed Edition
জিয়ো নিউজ
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেন এআই এবং প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের বিরুদ্ধে ১৩৪ বিলিয়ন ডলারের দাবি নিয়ে মামলা করেছেন ইলন মাস্ক। মাস্কের অভিযোগ, ওপেন এআই-এর সহপ্রতিষ্ঠাতা হিসেবে তিনি প্রতিষ্ঠানটিকে প্রাথমিক সহায়তা দিয়েছেন। তার বিনিয়োগ ও অবদান ছাড়া প্রতিষ্ঠান দু’টি এত বড় লাভ করতে পারত না। তাই অর্জিত মুনাফার অংশ তারও প্রাপ্য বলে দাবি করেছেন তিনি।
মামলায় বলা হয়েছে, ২০১৫ সালে মাস্ক ওপেন এআই-এর সহপ্রতিষ্ঠাতা থাকাকালীন বিলিয়নেয়ার উদ্যোক্তার অবদান থেকে ওপেন এআই ৬৫.৫ বিলিয়ন থেকে ১০৯.৪ বিলিয়ন ডলার লাভ করেছে। একই সাথে মাইক্রোসফট ১৩.৩ বিলিয়ন থেকে ২৫.১ বিলিয়ন ডলার লাভ করেছে। মাস্ক আরো অভিযোগ করেছেন, চ্যাটজিপিটি অপারেটর ওপেন এআই তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য লঙ্ঘন করে লাভমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। ওপেন এআই, মাইক্রোসফ্ট ও মাস্কের আইনজীবীরা ব্যবসায়িক আলোচনার বাইরে মামলার বিষয়ে মন্তব্যে রাজি হননি।