রাঙ্গামাটিতে বনভান্তের জন্মবার্ষিকী পালিত
Printed Edition
রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু বনভান্তের ১০৭তম জন্মবার্ষিকী গতকাল বৃহস্পতিবার রাঙ্গামাটিতে যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বনভান্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজবন বিহারে হাজারো পুণ্যার্থীর ভিড় জমে। এ উপলে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ২ জানুয়ারি মোরঘোনা জন্মস্থান থেকে শুরু করে ৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন বন বিহারে এই আয়োজন পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে ভান্তেকে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এবং সকাল ৯টায় শুরু হয় ধর্মীয় পুণ্যানুষ্ঠান।
বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জন্মদিন উপলে ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে পুষ্প পূজার আয়োজন করেন। এই পুষ্প পূজার মাধ্যমে তার ত্যাগ, তপস্যা, করুণা ও মানবকল্যাণমূলক কর্মের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সুগন্ধি ও রঙিন ফুল অর্পণের মাধ্যমে ভক্তরা তাদের মনকে পবিত্র করেন, অহঙ্কার ত্যাগ করেন এবং ধর্ম, শীল ও প্রজ্ঞার পথে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। পুষ্প পূজার সময় বনভান্তের শাসন দীর্ঘায়ু কামনা, বিশ্বশান্তি ও সব প্রাণীর মঙ্গল প্রার্থনা করা হয়। এ সময় বিশ্বশান্তি এবং মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বনভান্তের জন্মদিন উপলে বিপুল রঙিন আলোকে রঙিন সাজে সজ্জিত করা হয় বনবিহার। রাজবন বিহার আলোয় আলোকিত হয়ে হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে উঠে। বনভান্তের ১০৭তম জন্মদিনে যত রাত গভীর হয়, পুণ্যার্থীদের আগমন ততই বাড়ে। পরিনির্বাণপ্রাপ্ত ভান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুণ্যার্থীরা। চারদিকে পুণ্যার্থীর সমাগমে ভরে উঠে এলাকা।