আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ
Printed Edition
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই অভিযোগে সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো: শরিফুল ইসলাম খানকেও শোকজ করা হয়েছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) টাঙ্গাইলের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম তাদের বিরুদ্ধে এ নোটিশ জারি করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোট প্রার্থনা এবং উন্নয়ন প্রতিশ্রুতি দেয়ার অভিযোগ ওঠে। অভিযোগের সাথে সংযুক্ত ভিডিও ও ছবি পর্যালোচনায় দেখা যায়, একটি সামাজিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আযম খান বলেন, ‘১২ বার তো ভোট দিয়েছেন, এবার ১৩তম নির্বাচনে হিসেব করে ভোট দেবেন। আমি ধানের শীষের প্রার্থী।’ এ সময় তিনি বিএনপি মতায় এলে দুই কোটি ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার ঘোষণা এবং নির্বাচিত হলে প্রথম বছরে দু’টি সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এর পরিপন্থী। প্রাথমিক প্রমাণের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
এ ছাড়া একই আসনে সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো: শরিফুল ইসলাম খানের বিরুদ্ধে একজন প্রার্থীর পে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগের সাথে সংযুক্ত ছবির প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকেও শোকজ করা হয়।