বেপজা অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
Printed Edition
বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট প্রোডাক্টস, স্টিল ফ্রেম এবং এক্সেসরিজ উৎপাদনকারী কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে লিজ চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।
প্রতিষ্ঠানটি ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে আধুনিক বাথটাব, যাকুজ্জি, প্যানেল ট্যাংক তৈরি করবে এবং এসব তৈরির জন্য সব ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য এবং এক্সেসরিজ, মোল্ড ও প্যাটার্ন তৈরি করবে। জাহাজ নির্মাণ ও ক্রুজ শিল্পে বিদ্যমান উল্লেখযোগ্য চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বছরে ছয় হাজার ১৭৪ মেট্রিক টন পণ্য উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে, যার অধিকাংশই দুবাইয়ে রফতানি করা হবে।
এই বিনিয়োগ দেশের শিল্প খাতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা প্রথাগত খাতের বাইরে বিশেষায়িত কম্পোজিট খাতের দিকে সূচনা করবে। এক কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে এই কোম্পানি ৯০৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
এ লক্ষ্যে ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে গত ২২ ফেব্রুয়ারি, একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষ থেকে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী, চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। বিজ্ঞপ্তি।