‘সবচেয়ে বাজে খেলোয়াড় সিআরসেভেন’

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য (০-০) ড্র করেছে পর্তুগাল। এই ড্রয়ের ফলে ‘কে’ গ্রুপের রানার্স-আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগিজরা, আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেছে কলম্বিয়া। তবে ম্যাচ শেষে ফুটবলপ্রেমীদের সবটুকু মনোযোগ কেড়ে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স। পর্তুগালের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রভাবশালী দৈনিক ‘আ বোলা’ এই ম্যাচে রোনালদোকে মাঠের ‘সবচেয়ে বাজে খেলোয়াড়’ হিসেবে ঘোষণা করেছে। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও কলম্বিয়ার রক্ষণভাগে তেমন কোনো ভীতি ছড়াতে পারেননি সিআরসেভেন। পর্তুগিজ সংবাদমাধ্যমটি এই ম্যাচে রোনালদোর পারফরম্যান্সের রেটিং দিয়েছে ১০-এর মধ্যে মাত্র ৪।

রেটিংয়ের সপক্ষে যুক্তি দিয়ে তারা জানিয়েছে, গোল করার জন্য রোনালদোর প্রচেষ্টাগুলো ছিল অত্যন্ত দুর্বল। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটিও নষ্ট করেন তিনি; কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভারগাসকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। অবশ্য অফসাইডের কারণে পরবর্তীতে সেই সুযোগটি বাতিল হওয়ায় কিছুটা রক্ষা পান নম্বর সেভেন।

চলতি বিশ্বকাপে এটি রোনালদোর দ্বিতীয় হতাশাজনক পারফরম্যান্স। কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথম ম্যাচেও তিনি ছিলেন একেবারেই নিষ্ক্রিয়। গ্রুপ পর্বে কেবল তলানির দল উজবেকিস্তানের বিপক্ষেই নিজের চেনা ছন্দে দেখা গিয়েছিল তাকে, যেখানে তিনি জোড়া গোল করেছিলেন।