গাকৃবিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘গ্লোবাল হাব’ করার ঘোষণা ভিসির

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভিসি অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বিদেশী শিক্ষার্থীদের উপস্থিতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক চিন্তাধারা বিকাশ ও পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের দারুণ সুযোগ তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘গ্রিন ক্যাম্পাস, গ্লোবাল মাইন্ডস : ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শেপিং দ্য ফিউচার অব জিএইউ’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় ভিসি এ সব কথা বলেন। আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আসা স্নাতক (বিএস), স্নাতকোত্তর (এমএস) ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। ভিসি তার বক্তব্যে আরো বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীরা যাতে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সাথে পড়াশোনা করতে পারেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে। অনুষ্ঠানে ‘সবুজ গাকৃবি : শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরকে আরো সবুজ ও পরিবেশবান্ধব করতে জেলা প্রশাসন ও কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে।

একই সাথে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির কথা স্মরণ করিয়ে দিয়ে পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূচনায় গাকৃবির অর্জনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনার মাধ্যমে ক্যাম্পাসের সুবিধা-অসুবিধা ও নানা সম্ভাবনা নিয়ে মতামত নেয়া হয়।