খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে মো: নিরব হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় এই ঘটনা ঘটে। পরে সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে নিরব হোসেন অসুস্থতা অনুভব করেন। পরে মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, নিরব নামের ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন নামের ওই ব্যক্তি মারা যান। তিনি অসুস্থ ছিলেন। জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড় থাকায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে সেখানেই মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ছবির সাথে তার চেহারায় মিল রয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো: নিরব হোসেন। বাবার নাম মতিউর রহমান মিঞা। ঠিকানা লেখা রয়েছে, ১৭৪ বড় মগবাজার, ডাক্তার গলি, শান্তিনগর, রমনা। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।