বিএনপি ইসলামবিরোধী আইন করবে না : কায়কোবাদ

Printed Edition
bangla-6
বিএনপি ইসলামবিরোধী আইন করবে না : কায়কোবাদ

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কুরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, বিএনপির রাজনীতি ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল।

রোববার দুপুরে মুরাদনগর উপজেলার বড় মাদরাসা মাঠে আয়োজিত এক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কায়কোবাদ বলেন, বিএনপি সরকার গঠন করলে সারা দেশের ইমাম, মুয়াজ্জিন ও ওলামাদের জন্য সরকারি সম্মানী ব্যবস্থা চালু করা হবে। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে।

ওলামা-মাশায়েখদের উদ্দেশে কায়কোবাদ বলেন, তারা সমাজের সম্মানিত ব্যক্তি। অতীতেও তাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। এ সময় তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।