১৭ মিনিটে শাকিরা, ম্যাডোনা বিবার শো
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
শাকিরা গাইবেন, মঞ্চে থাকবেন ম্যাডোনা। জাস্টিন বিবারও মাতাবেন বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়তেই অনেকের ধারণা ছিল, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম হয়তো হয়ে উঠবে আধা ঘণ্টার কনসার্ট। কিন্তু সেই জল্পনায় পানি ঢেলে দিল ফিফা। সংগীতের মহোৎসব থাকছে, তবে ফুটবলের সময়সূচি প্রায় আগের মতোই থাকছে। স্পেন ও আর্জেন্টিনার ফাইনালে প্রচলিত ১৫ মিনিটের হাফটাইম বাড়ছে মাত্র দুই মিনিট; অর্থাৎ বিরতি হবে মোট ১৭ মিনিট। এই ১৭ মিনিটের মধ্যেই পুরো আয়োজন। এর মধ্যে ১১ মিনিটজুড়ে থাকবে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পরিবেশনা। বাকি ছয় মিনিটে মঞ্চ তৈরি, অনুষ্ঠান শেষে তা সরিয়ে নেয়া এবং মাঠকে খেলার উপযোগী করে তোলার সব কাজ শেষ করতে হবে আয়োজকদের। ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে সুপার বোল ধাঁচের শো হলেও, ম্যাচের সময়সূচি বদলে যাচ্ছে না।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, একাধিক বিশ্বতারকার পরিবেশনার কারণে ফাইনালের বিরতি আধা ঘণ্টা কিংবা তারও বেশি দীর্ঘ হতে পারে। এতে অনেক সাবেক ফুটবলার ও বিশ্লেষকও উদ্বেগ প্রকাশ করেছিলেন। কারণ দীর্ঘ বিরতি খেলোয়াড়দের শরীরের ছন্দ ও ম্যাচের গতি- দুটোতেই প্রভাব ফেলতে পারে। তবে ফিফা পরিষ্কার করে দিয়েছে, এমন কিছু হচ্ছে না। অতিরিক্ত সময় মাত্র দুই মিনিট।
এই অতিরিক্ত সময়েরও বড় একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে মাঠের জন্য। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের আগের কয়েকটি ম্যাচে ঘাস তুলনামূলক শুষ্ক থাকবে। কয়েকটি দল অভিযোগ করেছিল, মাঠে পর্যাপ্ত আর্দ্রতা না থাকায় বলের গতি কমে যাচ্ছে এবং স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে সমস্যা হচ্ছে। বিশেষ করে ফাইনালের আগে স্পেনও এ বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছিল। সেই কারণেই বিরতির সময় মাঠে পানি ছিটিয়ে ঘাসকে সতেজ করার পরিকল্পনা করেছে ফিফা!
বিরতির অতিরিক্ত দুই মিনিট শুধু দর্শকদের বিনোদনের জন্য নয়, মাঠের মান নিশ্চিত করতেও ব্যবহার করা হবে। কারণ বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে খেলার গতি কিংবা বলের চলাচলে সামান্য পরিবর্তনও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
তবে অপরিবর্তিত থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়-হাইড্রেশন ব্রেক। যুক্তরাষ্ট্রের গ্রীষ্মের তীব্র তাপমাত্রার কারণে পুরো বিশ্বকাপজুড়েই চালু ছিল এই ব্যবস্থা। ফাইনালেও দুই অর্ধে একটি করে, মোট দু’টি হাইড্রেশন ব্রেক থাকবে। খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দিচ্ছে না ফিফা।
আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে। প্রথমবারের মতো হাফটাইমে থাকবে বিশ্বসঙ্গীতের তারকাদের জমকালো আয়োজন। কিন্তু সেই আয়োজনের জন্য ফুটবলের নিজস্ব ছন্দকে বিসর্জন দেয়া হচ্ছে না; বরং মাত্র ১৭ মিনিটের মধ্যেই কনসার্ট, মঞ্চ, মাঠের পরিচর্যা ও খেলার প্রস্তুতি- সব কিছু গুছিয়ে এনে ফিফা যেন একটি বার্তাই দিলো, এই ফাইনালে বিনোদন থাকবে, তবে কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবলই!