গণভোট ও সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য আফিসার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
প্রধান তথ্য অফিসার মো: নিজামুল কবীর বলেছেন, গণভোট ও সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্দেশ করবে।
প্রধান তথ্য অফিসার গতকাল পিআইডি চট্টগ্রামের সম্মেলন কক্ষে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের নিয়ে তথ্য অধিদফতর ঢাকা আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোবাস্বেরা কাদেরী এবং উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার কর্মশালায় বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন।
প্রধান তথ্য অফিসার বলেন, নতুন ভোটার, নারী ভোটার এবং সচেতন ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করা, তাদের অবহিত করা ও অনুপ্রাণিত করার মতো গুরুত্বপূর্ণ কাজ তথ্য অধিদফতর করে যাচ্ছে। একই সাথে এ দায়িত্ব সংবাদমাধ্যম ও গণমাধ্যমকর্মীদেরও। তাদেরও সরকারের পক্ষে ইতিবাচক জনমত তৈরিতে ভূমিকা রাখতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তথ্য অধিদফতরের আজকের এ আয়োজন ও এর বার্তা গণমাধ্যমের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী সভাপতির বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারের প্রচার কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পিআইডি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, পিআইডি সদর দফতরসহ দেশের সাতটি বিভাগে আঞ্চলিক তথ্য অফিসের মাধ্যমে নিয়মিতভাবে সাংবাদিকদের সাথে যোগাযোগ বজায় রাখছে। পাশাপাশি সরকারের বক্তব্য, নির্বাচন কমিশনের তথ্য ও দিকনির্দেশনা গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে।
সভায় আসন্ন নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাংবাদিকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন ভোটার ও তরুণ সমাজকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সভায় উল্লেখ করা হয়। সভায় মুক্ত আলোচনা সেশনে সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সঞ্চালনায় পিআইডি ঢাকার উপপ্রধান তথ্য অফিসার অনসূয়া বড়ুয়া, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো: সাঈদ হাসান, সিনিয়র তথ্য অফিসার মো: মনিরুজ্জামান, পিআইডি চট্টগ্রামের তথ্য অফিসার জি. এম সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন, পিআইডি ঢাকার তথ্য অফিসার আফসানা মিমি, ক্রয় কর্মকর্তা শাহ আলম সরকার সভায় উপস্থিত ছিলেন।