উত্তরবঙ্গের নির্বাচনী জনসভায় ডা: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা পেটে হাত ঢুকিয়ে বের করা হবে
Printed Edition
বগুড়া অফিস ও শিবগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে গণভোটে হ্যাঁ ও সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো ইনশা আল্লাহ। আমরা একা নয়, সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য ১০টি রাজনৈতিক দল একত্রিত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।
তিনি বলেন, আমরা সুযোগ পেলে বগুড়ায় পাবলিক বিশ^বিদ্যালয়, বগুড়া সিটি করপোরেশন, শিল্প কারখানা প্রতিষ্ঠা ও চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করব। দেশবাসী চাঁদাবাজির কারণে অতিষ্ঠ। চাঁদার কারণে পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে যায়। জামায়াতের কোনো লোক চাঁদাবাজি করে এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। তিনি বলেন, আমরা বেকার ভাতা দেব না। বেকারের হাতকে কর্মীর হাতে পরিণত করব। বিগত ১৫ বছরে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ক্ষমতায় গেলে পেটে হাত ঢুকিয়ে এই টাকা বের করে আনা হবে।
তিনি গতকাল বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতে ইসলামী বগুড়া শহর ও জেলা শাখার আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এবং জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমানের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
জনসভায় বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের প্রার্থী সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের প্রার্থী মাওলানা দবিবুর রহমান, বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো: আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ আসনের প্রার্থী গোলাম রব্বানী, কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি মোজাহিদ ফয়সাল, এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক সাকিব মাহদী, এলডিপি বগুড়া জেলা সভাপতি অ্যাডভোকেট মোকলেছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়া জেলা সভাপতি মাওলানা এহসানুল হক, এবি পার্টির সদস্য সচিব এস এ জাহিদ সরকার, খেলাফত মজলিশের জেলা সভাপতি রাশেদুল হাসান, বিডিপির জেলা সভাপতি মাহফুজুল হক, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন ও মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ ও আব্দুল হাকিম সরকার, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, জেলা পশ্চিম শিবিরের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন, শহর সভাপতি আজগর আলী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল আলম, আল-আমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু প্রমুখ। বক্তব্য শেষে জামায়াত আমির জেলার সাতটি আসনে ১০ দল মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। এরপর তিনি শেরপুর উপজেলার মহিপুর হাইস্কুল মাঠে নির্বাচনী পথসভায় বগুড়া-৫ আসনের প্রার্থী দবিবুর রহমানকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
এর আগে তিনি জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা আদর্শ মহিলা কলেজ মাঠের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে বগুড়া-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামাানকে ভোট দেয়ার আহ্বান জানান। এসব সমাবেশে বিপুল সংখ্যক লোকসমাগম ঘটে।
বিশেষ অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, হাসিনার পতনের পর একটি দল সব জায়গায় খাওয়া শুরু করেছে। এখন খাওয়া বাকি মাটি। কিন্তু জনগণ তাদের মাটি খেতে আর সুযোগ দেবে না। আমাদের হুমকি দিয়ে লাভ নেই। দীর্ঘদিন একসাথে চলায় আমরা জানি আপনারা কতটা পারেন।
জাগপা সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, আপনি ৭১ ও রাজাকার নিয়ে বক্তব্য দিচ্ছেন। একথা বলার আগে আপনার বাবা কাকে প্রধানমন্ত্রী করেছিলেন সেই ইতিহাস পড়ে দেখুন।
সবাইকে নিয়ে সরকার গঠন করব
সিরাজগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে চাই। জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রতি ইনসাফ কায়েম করা হবে।
সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙনে মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন ও বাঁধকে শক্তিশালী করব। যমুনা নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করব।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই মেমোরেন্ডাম বাস্তবায়নে হ্যাঁ-এর পক্ষে ভোট দিন। হ্যাঁতে ভোট দিলে ওসমান হাদি হত্যার বিচার সম্ভব হবে। জুলাইয়ের শহীদদের বিচার করা যাবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে তারা ভারতীয় আধিপাত্যের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।
জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে দশ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ ও সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের প্রার্থী এনসিপির এস এম সাইফ মুস্তাফিজ।
জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি) আসনের প্রার্থী অধ্যক্ষ আলী আলম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের প্রার্থী মওলানা মো: জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, ছাত্র শিবিরের সিরাজগঞ্জ শহর সভাপতি শামীম রেজা ও জেলা সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
মানবিক দেশ গঠনের আহ্বান
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: শোষণমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা: শফিকুর রহমান বলেছেন দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারো কাছে বন্ধক রাখবো না, জীবন যাবে অন্যায়ের কাছে মাথা নত করবো না।
আবু সাঈদরা যেভাবে দেশের জন্য বুক পেতে দিয়েছিল সেভাবে বুক পেতে দেব। আবু সাঈদের আমানত রক্ষায় আমরা জীবন দিতে প্রস্তুত আছি।
গতকাল সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই, ৫ আগস্টের পর আপনারা দেখেছেন, আমরা কোনো চাঁদাবাজি করিনি, দখলদারি করিনি, দুর্নীতি এবং কারো বিরুদ্ধে মামলা করিনি, কাউকে হয়রানি বা কারো উপর হামলা করিনি। বরং আমরা শান্তির বাংলাদেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ করতে ১০ দলীয় জোট গঠন করেছি। এই আসনে জোটের প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মো: নুরুল আমিনকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে তাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মো: আব্দুল হালিম, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো: সিবগাতুল্লাহ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জামায়াতের রংপুর জেলা সেক্রেটারি মাওলানা মো: এনামুল হক, উপজেলা আমির সহকারী অধ্যাপক মওলানা মো: মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা মো: আব্দুল আজিজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।