বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস বন্ধ রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অচলাবস্থায় শনিবার সকালেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এতে রাজশাহী বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে তুহিন পরিবহনের একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ তীব্র হয়।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা রাব্বি পরিবহনের বাসটি ছেড়ে দেয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেয়া হয়।
তবে এর মধ্যেই বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। এতে নাটোর হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাসের পাশাপাশি দূরপাল্লার যাত্রী পরিবহনও ব্যাহত হচ্ছে।
রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে নিয়মিত বাস চলাচল করে। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় এসব রুটের যাত্রীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন। অনেকে বাস ছাড়ার আশায় টার্মিনালের কাউন্টারে অপেক্ষা করলেও কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা।
রংপুরগামী এক যাত্রী শফিকুল বলেন, ‘রংপুর যাবো। কাউন্টারে এসে বসে আছি। তারা বলছেন, সড়কে সমস্যা হয়েছে, কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। কিন্তু এক ঘণ্টা পার হয়ে গেলেও বাস ছাড়েনি।’
সরেজমিনে দেখা গেছে, অনেকে টার্মিনালে এসে বাস না পেয়ে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে অতিরিক্ত সময় ও খরচের পাশাপাশি দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, শনিবার সকাল থেকে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস বন্ধ করে দেয়া হয়েছে। মন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করছেন তারা। এখনো সমাধান হয়নি, তবে চেষ্টা চলছে।
বিরোধ সমাধানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তবে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হয়নি।