৭৪ হাজার ৩১৬ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন : ধর্ম উপদেষ্টা
Printed Edition
ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ‘এই বছর বাংলাদেশ থেকে নির্ধারিত ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর মধ্যে ৭৪ হাজার ৩১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।’
বাকিরা আগামী ৩১ মে’র মধ্যে সৌদি আরব যাবেন। এ বিষয়ে সব প্রস্তুতি ধর্ম মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিমানের ভাড়া বেশি হওয়ায় অতীতে অনেকেই সময়মতো হজে যেতে পারেননি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতায় এ বছর প্রতিটি হজযাত্রীর বিমান ভাড়া ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া, ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর জন্য সরকার ১০ কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে সরবরাহ করেছে।’
এ বছর হজযাত্রার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
আন্তরিকতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে হজ কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য তিনি বিশেষভাবে প্রধান উপদেষ্টা কে ধন্যবাদ জানান ।
ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে নদীপথে বড় জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে।
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে ১২ জন ইতোমধ্যে মারা গেছেন। এ ছাড়া, আরো ৩৭ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।
তিনি বলে, যারা মারা গেছেন তাদের সবারই বয়স ৬০ এর উপরে। এ জন্য আগামীতে ৪৫ থেকে ৫০ বছর বয়সীদের হজ পালনের জন্য উদ্বুদ্ধ করা হবে।
তিনি আরো বলেন, মক্কা, মদিনা এবং মিনায় তিনটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। সেখানে বাংলাদেশী ১৬৪ জন ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান মিলে বাংলাদেশী হজযাত্রীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। এর বাইরেও কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাদের সৌদি আরবের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। এ বছর সরকার হজযাত্রীদের জন্য এক কোটি টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করছে।
পরে ধর্ম উপদেষ্টা হজ ফ্লাইটে সৌদি আরব গেছেন। আজ সেখানে তার সরেজমিনে মক্কা-মদিনায় হজযাত্রীদের খোঁজখবর নেবার কথা রয়েছে।।
ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ অফিসার লোকমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।