বগুড়া ও নীলফামারীতে স্কুলছাত্রীসহ নিহত ২

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় নীলফামারীর ডিমলায় এক স্কুলছাত্রী এবং বগুড়ার সোনাতলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর ডিমলা উপজেলার সরদারহাট এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোছা: আরোবী আক্তার (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোবী আক্তার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুঠিরডাঙ্গা (বগুড়া পাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো: আমিনুর রহমান। আরোবী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, আরোবী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে ডিমলা সদরের দিকে রওনা হয়েছিল। পথে সরদারহাটে পৌঁছলে ঢাকা মেট্রো-ট ১২-৬৮২৯ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অত্যধিক গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীকে পিষ্ট করে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।

বগুড়া অফিস জানায়, বগুড়ার সোনাতলায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার জোড়গাছা ইউনিয়নের বেড়েরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান লুতু (৫২) ওই গ্রামের বাসিন্দা জোনাব আলী প্রামাণিকের ছেলে। সোনাতলা থানার ওসি কবীর হোসেন জানান, লুৎফর রহমান রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।