জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের ইশতেহার ঘোষণা

Printed Edition
3rd-2
জকসু নির্বাচন উপলক্ষে মওলানা ভাসানী ব্রিগেড সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করে : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ খাদ্য ও পানীয় নিশ্চিতসহ ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল।

গতকাল দুপুরে জবির ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী ইভান তাহসিব এ ইশতেহার পাঠ করেন। পরে প্যানেলের অন্য প্রার্থীরা পর্যায়ক্রমে ইশতেহারের বিভিন্ন দফা উপস্থাপন করেন।

মওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের ১০ দফার মধ্যে রয়েছে- অ্যাকাডেমিক ক্যালেন্ডারে জকসুর তারিখ সুনির্দিষ্ট ও অনুষদভিত্তিক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা; দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস চালু ও আবাসিক সঙ্কট নিরসন ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার করা; শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই-শাটল চালু, নিজস্ব বাস ও রুট বৃদ্ধি ও র‌্যাগিং বন্ধে বাস কমিটিকে তৎপর করা; শিক্ষা ও গবেষণায় শিক্ষক মূল্যায়ন ও যুগোপযোগী কারিকুলাম নিশ্চিত করা; নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা; নিরাপদ খাদ্য ও পানীয় নিশ্চিতে ক্যাফেটারিয়ার আসনসংখ্যা বৃদ্ধি; ২০ টাকায় একবেলার মানসম্মত খাবার ও পরিত্যক্ত বাসগুলোকে ফুটকার্টে রূপান্তর করা।

নারী ও পুরুষের পৃথক ব্যয়ামাগার স্থাপন ও যুগোপযোগী মেন্টাল হেলথকেয়ার সেন্টার গঠন; বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সংকলন; বিশ্বব্যাপী যুদ্ধ বিরোধী অবস্থান ও স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন করা; ভিন্ন জাতিসত্বার সাংস্কৃতিক বৈচিত্র্যের সম্মিলন ও সাংস্কৃতিক আয়োজনের পরিসর বৃদ্ধি করা; পরিবেশবান্ধব ক্যাম্পাস ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন করা।

এ সময় জিএস প্রার্থী ইভান তাহসিব বলেন, নির্বাচনী পরিবেশ যেমনই হোক আগামী ৩০ ডিসেম্বরের প্রথম ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ইতিহাসের অংশ হতে যাচ্ছি।