হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’
নাটক সবসময়ই পারিবারিক নাটক হয়। তাই আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারো এ সময় এটিএন বাংলার দর্শকরা তার নাটক উপভোগ করবেন
Printed Edition
বিনোদন প্রতিবেদক
প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারের নাটকে দেখা যাবে-রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে এক সাথে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় মিষ্টি ঝগড়া লেগেই থাকত। একসময় পড়াশুনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর আবার দেশে ফিরে আসে। বাবা-মায়ের সাথে বেড়াতে যায় গ্রামে। হঠাৎ করেই দেখা হয়ে যায় ছোটবেলার খেলার সাথি রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। এসব নিয়েই গড়ে উঠেছে ‘ভালোবেসে অবশেষে’ নাটকের কাহিনী। নাটকটিতে রানার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর নীলার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ আরো অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব। নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।
উল্লেখ্য, ঈদের নাটকের ভিড়ে সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেত এর নাটক দেখা যায় শুধুমাত্র একটি চ্যানেলে আর তা এটিএন বাংলায়। কারণ প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন তিনি এবং সেটি দীর্ঘ দুই দশক ধরে শুধুমাত্র এটিএন বাংলাতেই প্রচারিত হয়ে আসছে। এটিএন কর্তৃপক্ষ জানায়, যেহেতু তিনি শুধুমাত্র আমাদের চ্যানেলের জন্যই নাটক নির্মাণ করেন। তাই ঈদের দিনের শত ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা পরিবার নিয়ে এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। কারণ তার নাটক সবসময়ই পারিবারিক নাটক হয়। তাই আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারো এ সময় এটিএন বাংলার দর্শকরা তার নাটক উপভোগ করবেন। নাটকটি ঈদের দিন রাত ০৮:৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।