থার্টিফার্স্ট নাইটে কক্সবাজারে আতশবাজি-কনসার্ট বন্ধসহ ৭ নিষেধাজ্ঞা
Printed Edition
কক্সবাজার প্রতিনিধি
ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আজ ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত বিধিনিষেধগুলো কার্যকর থাকবে।
বিবৃতিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি/বিপণনকেন্দ্রও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া উন্মুক্ত স্থান ও সড়কে কোনো ধরনের কনসার্ট, নাচ-গান বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এবং ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক বক্তব্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। একইসাথে এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ ছাড়াও উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, প্রতিযোগিতা, জয় রাইড ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি নববর্ষ উদযাপন উপলক্ষে আগত নারী পর্যটকদের ইভটিজিং বা হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।