দাউদকান্দিতে দোয়া মাহফিল
গণতন্ত্রের প্রতীক ছিলেন খালেদা জিয়া : ড. মোশাররফ
Printed Edition
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান তাকে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে গভীর শ্রদ্ধা ও উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও দেশপ্রেম জাতিকে পথ দেখিয়েছে এবং জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন সদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ।
গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে তার ‘নতুন প্ল্যান’ বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয়তাবাদী আদর্শের শক্তিতে ভর করেই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে।
দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ষীয়ান এই নেতা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের স্বার্থের বাইরে কখনো আপস করেননি। তার দেশপ্রেম, ত্যাগ, ধৈর্য ও সততা নতুন প্রজন্মের নেতাকর্মীদের গভীরভাবে উপলব্ধি ও অনুসরণ করতে হবে। তিনি ছিলেন নির্লোভ ও নির্মোহ এক অসাধারণ নেত্রী, যিনি শুধু বিএনপির নন, বরং আপামর জনগণের নেত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার চারিত্রিক দৃঢ়তায় উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ড. মোশাররফ। তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির আকাশের উজ্জ্বল নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়েছে বাংলাদেশ। তার দেখানো পথ অনুসরণ করেই তারেক রহমান ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।