কসোভো পার্লামেন্টে আলবিন কুর্তি নেতৃত্বাধীন সরকার অনুমোদিত
Printed Edition
আলজাজিরা
কসোভোর পার্লামেন্ট প্রধানমন্ত্রী আলবিন কুর্তির নেতৃত্বে নতুন সরকার অনুমোদন করেছে। এক বছরেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো, যখন সার্বিয়ার সাথে উত্তেজনা অব্যাহত রয়েছে। ১২০ সদস্যের সংসদে বুধবার কুর্তির মন্ত্রিসভা অনুমোদিত হয় ৬৬-৪৯ ভোটে। এর আগে ডিসেম্বরের আগাম নির্বাচনে তার ভেতেভেনদোসিয়ে দল জয়লাভ করে।
ভোটের আগে কুর্তি তার আইনগত কর্মসূচি তুলে ধরেন। তিনি অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগকে অগ্রাধিকার দেন। সামরিক খাতে এক বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে যুদ্ধবিমান ও ড্রোন উৎপাদনও অন্তর্ভুক্ত। কুর্তি বলেন, এ বছরগুলোতে আমরা সার্বিয়ার ধারাবাহিক হামলা ও হুমকির মুখোমুখি হয়েছি। তবে তিনি প্রতিশ্রুতি দেন, বেলগ্রেডের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন, যা হবে দ্বিপক্ষীয় বহিরাগত সম্পর্ক, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। কসোভোর উত্তরাঞ্চলে সার্ব সংখ্যালঘুদের বসবাসের কারণে উত্তেজনা এখনো প্রবল। তবে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য সম্পর্ক স্বাভাবিক করা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ শর্ত।
বৃহস্পতিবারের ভোট দীর্ঘ রাজনৈতিক স্থবিরতার অবসান ঘটায়। গত বছরের ফেব্রুয়ারির নির্বাচনে কুর্তি সংখ্যাগরিষ্ঠতা পাননি। পরে ডিসেম্বরের আগাম নির্বাচনে তার দল ৫১ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করে। ফলাফল নিশ্চিত হতে কয়েক সপ্তাহ সময় লাগে। ভোট গণনায় অনিয়মের অভিযোগে পুনর্গণনা ও তদন্ত হয়, যেখানে শতাধিক নির্বাচন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। এখন কুর্তি আনুষ্ঠানিকভাবে দেশের নেতৃত্বে আসায় তিনি দ্রুত আন্তর্জাতিক ঋণ অনুমোদন ও বাজেট পাসের উদ্যোগ নিতে যাচ্ছেন। নতুন সরকারের জরুরি কাজের মধ্যে রয়েছে ২০২৬ সালের বাজেট অনুমোদন এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার সংস্কার।