বড় বাজেটের পথে সরকার, ব্যবসা সহজীকরণের অঙ্গীকার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য বড় বাজেট প্রণয়নের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার, দারিদ্র্য হ্রাস এবং বিনিয়োগ বাড়াতে বড় আকারের বাজেট অপরিহার্য। একই সাথে ব্যবসা-বাণিজ্যের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তিন মাসের মধ্যে তা দূর করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত প্রাক-বাজেট পরামর্শক কমিটির বৈঠকে এ কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো: আবদুর রহমান খান।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে বর্তমান অবস্থান থেকে ওপরে তুলতে হলে ব্যয় বাড়ানো ছাড়া বিকল্প নেই। বড় বাজেট না হলে গুণগত বিনিয়োগও আসবে না। তিনি আরো বলেন, উন্নয়ন বাজেট বাড়ানো না হলে জিডিপি প্রবৃদ্ধিও কাক্সিক্ষত হবে না। তবে কঠিন অর্থনৈতিক বাস্তবতার কারণে আগামী বাজেটে কর ছাড় বা প্রণোদনার সুযোগ সীমিত থাকবে বলে স্পষ্ট করেন তিনি।