দুই নেপালি ফিরতে চান ব্রাদার্সে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
লিগের প্রথম পর্বে চার নেপালিকে নিয়ে খেলেছিল ব্রাদার্স ইউনিয়ন। লিগের মধ্যবর্তী দলবদল শুরু হলে চার নেপালিই নিজ দেশের লিগে খেলতে ব্রাদার্স থেকে ছাড়পত্র নিয়ে চলে যায়। তবে এখন বাংলাদেশ ফুটবল লিগ পিছিয়ে যাওয়ায় চার নেপালির মধ্যে অঞ্জন বিস্তা ও সুনীল শ্রেষ্ঠা ফিরতে চায়। সেই সাথে এজেন্টরা ব্রাদার্স ইউনিয়নকে সাফ কোটায় নেপাল, ভুটান ও পাকিস্তানি খেলোয়াড় দিতে চাইছে। তবে ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজার আমের খান জানান, এই নেপালি, ভুটানি এবং পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে টানাটানি। আমরা যাকে নিতে চাই তাকেই বেশি টাকা দিয়ে নিয়ে যাচ্ছে অন্য ক্লাব। এই যে ভুটানি স্ট্রাইকার ডাওয়া শেরিংয়ের সাথে আমরা কথা প্রায় পাকা করেছিলাম। এরপর দেখি তাকে নিয়ে নিয়েছে ফর্টিস। অন্য যার সাথেই কথা বলি এরপর দেখি তাকে নিতে প্রচেষ্টা শুরু করেছে বাংলাদেশ পুলিশ, পিডব্লিউডি বা অন্য কোনো ক্লাব।
আমেরের মতে তিন বড় দল বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও মোহামেডান ফিফা কর্তৃক নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞায় আছে। ফলে তারা খেলোয়াড় নিতে না পারায় এজেন্টরা অন্য ক্লাবদের পেছনে ছুটছে। তবে আমের খান জানান, লিগ করে শুরু হবে এবং কবে শেষ হবে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন চুক্তি করাটাও ঝুঁকিপূর্ণ।