সিবিএমসিবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
হট্টগোলের অভিযোগে ছাত্রদল সভাপতির হোস্টেল সিট বাতিল
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ সদর উপজেলার কমিউনিটি বেইজড মেডিক্যাল কলেজ বাংলাদেশে (সিবিএমসিবি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ ও এক শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহির ইবনের হোস্টেল সিট সাময়িকভাবে বাতিল করেছে কলেজ প্রশাসন। একই সাথে তদন্ত চলাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তার হোস্টেল প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ছাত্রদল সভাপতি অবশ্য দাবি করেছেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।
জানা গেছে, গত ১৮ আগস্ট সিবিএমসিবির ৩১ বছর পূর্তি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রী ও নারীদের ছবি তোলাকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় শাহরিয়ার রাজিব তুর্জ নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হন।
ঘটনার পর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহির ইবনের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়। মাহিরের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কয়েকজন সদস্যের চক্রান্তে তাকে ঘটনার সাথে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় গত ২০ আগস্ট কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মোর্শেদ আলমের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কলেজ প্রশাসন তদন্ত চলাকালে মাহির ইবনের হোস্টেল সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাকে হোস্টেল প্রাঙ্গণে প্রবেশ না করার নির্দেশ দেয়া হয়।