ই-ব্যাংকিং ও ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটছে
Printed Edition
বিশেষ সংবাদদাতা
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ জানাচ্ছে, অক্টোবর ২০২৫-এ দেশের ই-ব্যাংকিং ও ই-কমার্স খাত ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। দেশের ৫৬টি নির্ধারিত ব্যাংক, ১৩টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং ৩০টি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান দেশের নাগরিকদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ব্যাংক শাখা ও ডিজিটাল টুলসের সম্প্রসারণ, এমএফএস ও এজেন্ট ব্যাংকিংয়ের প্রসার এবং ইন্টারনেট ব্যাংকিং লেনদেন বৃদ্ধি বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও নগদহীন অর্থব্যবস্থাকে শক্তিশালী করছে। বিশেষ করে গ্রামের মানুষ ও ক্ষুদ্র শ্রেণীর নাগরিকরা দ্রুত ও সহজে ব্যাংকিং সুবিধা পাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে বোঝা যায়, দেশ ধীরে ধীরে ডিজিটাল অর্থব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, যা অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যাংক শাখা ও ইলেকট্রনিক টুলস : অক্টোবর ২০২৫-এ দেশের পুরোপুরি অনলাইন শাখা ১১ হাজার ৪০১, যা সেপ্টেম্বরের তুলনায় ছয়টি বৃদ্ধি পেয়েছে। নগর ও গ্রামীণ এলাকায় উপশাখা চার হাজার ৮৮৪। এজিএম, সিআরএম, আরটিডিএমের মতো ডিজিটাল টুল ব্যবহার করে ব্যাংকিং আরো সহজ এবং দ্রুত হয়েছে। বিশেষ করে ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম)-এর সংখ্যা অক্টোবর মাসে ১.১৩% বৃদ্ধি পেয়েছে।
কার্ড লেনদেন : অক্টোবর ২০২৫-এ ডেবিট কার্ড ৪০.৬৫ মিলিয়ন, ক্রেডিট কার্ড ২.৭৪ মিলিয়ন এবং প্রিপেইড কার্ড ৯.৩৪ মিলিয়ন। মাসিক লেনদেন সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৩.৬৬ মিলিয়নে, আর লেনদেনের পরিমাণ চার লাখ আট হাজার ৪৬২ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের মাসের তুলনায় যথাক্রমে ১.৫৬% ও ২.৯৬% বৃদ্ধি।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) : এমএফএস ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৪২.২৮ মিলিয়ন। পুরুষ ব্যবহারকারী ৫৬% এবং নারী ব্যবহারকারী ৪৪%। নগর ও গ্রামীণ ব্যবধান খুব কম; নগর ৫১% এবং গ্রাম ৪৯%। লেনদেন সংখ্যা ৬৭৮.৬৩ মিলিয়ন, লেনদেনের পরিমাণ ১৫ লাখ ৮২ হাজার ৯৫৭ টাকা। বিশেষ করে চ২চ লেনদেনের সংখ্যা ১৩৪.২৬ মিলিয়ন, যা মোট লেনদেনের ১৯.৭৮%।
এজেন্ট ব্যাংকিং : ৩০টি ব্যাংক গ্রামীণ অঞ্চলের জন্য ২৫.৩৮ মিলিয়ন অ্যাকাউন্ট পরিচালনা করছে। এদের মধ্যে নগর ও গ্রামীণ অ্যাকাউন্টের অনুপাত ১৫:৮৫। এই মাধ্যমে অক্টোবর মাসে মোট জমা শোধ চার লাখ ৭৩ হাজার ১৪৮ কোটি টাকা এবং ঋণ বিতরণ ১০ হাজার ৩৯ কোটি টাকা।
ইন্টারনেট ব্যাংকিং : অক্টোবর ২০২৫-এ ১২.৫৫ মিলিয়ন গ্রাহক অনলাইনে ব্যাংকিং সুবিধা গ্রহণ করেছেন। অ্যাপ ব্যবহারকারী ৭.৬ মিলিয়ন। মোট লেনদেনের পরিমাণ ১২ লাখ ৩১ হাজার কোটি টাকা, যার মধ্যে বিইএফটিএন ও আরটিজিএস লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নো-ফ্রিল অ্যাকাউন্ট : গ্রামীণ মানুষের জন্য বিশেষ অ্যাকাউন্টের সংখ্যা ১৮.৫১ মিলিয়ন।
স্কুল ব্যাংকিং : অক্টোবর মাসে ৪.৬৮ মিলিয়ন ছাত্রছাত্রী অ্যাকাউন্টে মোট ২০ হাজার ৫০ কোটি টাকা জমা।