পুরস্কার তো নয় যেন অর্থবৃষ্টি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দলের সংখ্যা ৪৮-এ উন্নীত হওয়ায় যেমন বেড়েছে ম্যাচ, তেমনি বেড়েছে আয়, দর্শক আগ্রহ এবং পুরস্কারের অঙ্কও। ফলে ট্রফি জয়ের গৌরবের পাশাপাশি রেকর্ড অর্থ পুরস্কারের হাতছানিও থাকছে ফাইনালে ওঠা দলগুলোর সামনে। এবারের বিশ্বকাপের জন্য মোট ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রাইজমানি বরাদ্দ রাখা হয়েছে। এটি কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় অর্ধেক বেশি।
বিজয়ী দল পাবে পাঁচ কোটি ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৬১৬ কোটি টাকারও বেশি। যা ২০২২ সালে ছিল চার কোটি ২০ লাখ ডলার। রানার্সআপ দলের জন্য বরাদ্দ তিন কোটি ৩০ লাখ ডলার। শেষ চার থেকে শুরু করে নকআউট পর্বে খেলা প্রতিটি দলই উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পাচ্ছে। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে দুই কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ হওয়া দল দুই কোটি ৭০ লাখ ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া চার দলের প্রত্যেকের জন্য রয়েছে এক কোটি ৯০ লাখ ডলার। শেষ ষোলোতে বিদায় নেয়া আটটি দল পাচ্ছে এক কোটি ৫০ লাখ ডলার করে, আর রাউন্ড অব ৩২ থেকে ছিটকে পড়া ১৬টি দলের প্রত্যেকে পাবে এক কোটি ১০ লাখ ডলার। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া দলগুলো ৯০ লাখ ডলার পাচ্ছে। এর সাথে প্রস্তুতি ব্যয়ের জন্য আরও ১৫ লাখ ডলার যোগ হওয়ায় কোনো দলই এক কোটি পাঁচ লাখ ডলারের কম পাচ্ছে না।
তবে এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে যায় না। ফিফা পুরো প্রাইজমানি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠায়। তারা খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বোনাস নির্ধারণ করে। অবশিষ্ট অর্থ সাধারণত ফুটবলের অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক কার্যক্রম এবং তৃণমূল উন্নয়নে ব্যয় করে।
বিশ্বকাপ বড় হওয়ার সুফল সবচেয়ে বেশি পাচ্ছে ফিফাও। ৪৮ দলের এই আসর থেকে সংস্থাটির আয় ১০ বিলিয়ন ডলারেরও বেশি। অথচ সেই বিপুল আয়ের মাত্র ৬ দশমিক ৫ শতাংশ দলগুলোর মধ্যে প্রাইজমানি হিসেবে বিতরণ করা হচ্ছে। চলমান চার বছরের আর্থিক চক্র শেষে ফিফার মোট রাজস্ব ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা আগের চক্রের তুলনায় অনেক বেশি।
বিশ্বকাপের প্রাইজমানির বিবর্তনও চোখে পড়ার মতো। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রাইজমানির তথ্য প্রকাশ করে ফিফা। তখন চ্যাম্পিয়ন ইতালি পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার, আর পুরো টুর্নামেন্টের মোট প্রাইজমানি ছিল দুই কোটি ডলার। এখন শুধু চ্যাম্পিয়ন দলই পাচ্ছে ১৯৮২ সালের পুরো টুর্নামেন্টের মোট পুরস্কারের দ্বিগুণেরও বেশি অর্থ।
ফাইনালের পর ট্রফি ও অর্থ পুরস্কারের পাশাপাশি দেয়া হবে ব্যক্তিগত স্বীকৃতিও। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা পাবেন স্বর্ণের মেডেল। রানার্সআপরা রুপার এবং তৃতীয় স্থান অধিকারীরা ব্রোঞ্জের মেডেল গ্রহণ করবেন। এ ছাড়া সেরা খেলোয়াড়ের জন্য ‘গোল্ডেন বল’, সেরা গোলরক্ষকের জন্য ‘গোল্ডেন গ্লাভস’ এবং সর্বোচ্চ গোলদাতার জন্য ‘গোল্ডেন বুট’ থাকছে। ব্যক্তিগত অর্জনের সাথে কোনো অতিরিক্ত অর্থ পুরস্কার নেই।