জাতীয় টিটির আড়ালে কাউন্সিলরশিপ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলা থেকে আগত টেবিল টেনিস (টিটি) খেলোয়াড়দের খেলতে হবে পেশাদার সেনাবাহিনী, বিমানবাহিনী ও বাংলাদেশ জেলের খেলোয়াড়দের সাথে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। বিভিন্ন সার্ভিসেস ও সংস্থার পেশাদার খেলোয়াড়দের সাথে জেলার খেলোয়াড়রা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? জবাবে টিটি ফেডারেশনের সেক্রেটারি ক্যাপ্টেন এম মাকসুদ আহমেদ বলেন, ‘তারা হয়তো তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তবে ভবিষ্যতের জন্য আইডল খুঁজে পাবে।’

আজ থেকে শুরু হওয়া জাতীয় টিটির আড়ালে আগামী নির্বাচনের জন্য পছন্দমতো কাউন্সিলর তৈরি করতেই সুযোগ করে দেয়া হচ্ছে অনেক দলকেই। টিটির গঠনতন্ত্র অনুযায়ী টানা দু’টি জাতীয় চ্যাম্পিয়নশিপ খেললেই কাউন্সিলর পাবে কাব বা সংস্থা। অভিযোগ রয়েছে, সেই কারণেই বিভিন্ন সংস্থাকে বিকেএসপির খেলোয়াড় দেয়া হয়েছে। একই কারণে সিনিয়র এই চ্যাম্পিয়নশিপে আনা হয়েছে বিকেএসপিকেও। গতকাল শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকারও করেন মাকসুদ। ‘এখন নির্বাচন করতে গেলে কোনো কাউন্সিলর নেই। কারা কাউন্সিলর হবে? তাই কাউন্সিলর বানাতেই এমন উদ্যোগ। কাল (আজ) থেকে শুরু হচ্ছে গত বছরের জাতীয় চ্যাম্পিয়নশিপ। এ বছরেরটাও হবে।’ ৪১ জেলাসহ ৪৯টি দলের প্রায় ৫০০ প্রতিযোগীর অংশগ্রহণে এই টুর্নামেন্টে বাজেট ২৫ লাখ টাকা হলেও নেই কোনো অর্থ পুরস্কার। সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ বিভাগে ১৪টি ইভেন্টে খেলা হবে। পুরুষ ও মহিলা একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দলগত।