নরসিংদীতে কিশোরকে শ্বাসরোধে ও নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বিভিন্ন জেলায় ছয় হত্যা ও রহস্যজনক মৃত্যু
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক দিনগুলোতে অন্তত ছয়টি পৃথক ঘটনায় হত্যাকাণ্ড ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে নড়াইল ও ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় দু’জন নিহত হয়েছেন, নরসিংদীতে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং দিনাজপুরে স্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে এক রাজমিস্ত্রিকে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
বেলাব, নরসিংদী : উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটের চর গ্রামে শ্বাসরোধ করে নয়ন (১৬) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে ফেলে যাওয়া হয়। পরদিন সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠানো হয়। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
লোহাগড়া, নড়াইল : উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টিপু সুলতান ও মফিজার শেখ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষের পর বিকেলে বাড়ি ফেরার পথে ইসলাম শেখকে একা পেয়ে কুপিয়ে আহত করা হয়, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
হরিণাকুণ্ড, ঝিনাইদহ : উপজেলার ভায়না বাজারসংলগ্ন কালিশঙ্করপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় মোলায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা ব্যক্তিরা তাকে কুপিয়ে আহত করে, পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শিল্পী খাতুন জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, নিহতের সাথে কোনো চরমপন্থী দলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি; প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডের ধারণা করা হচ্ছে।
মহাদেবপুর, নওগাঁ : উপজেলার খাজুর ইউনিয়নের এক নারী ইউপি সদস্য মোছা: আলতা বেগমের (৪৫) ঝুলন্ত লাশ শুক্রবার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর ফারুক জানান, সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা শেষে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আত্রাই, নওগাঁ : উপজেলার সেভেন স্টার শপিংমলের সপ্তম তলার একটি ভাড়া কক্ষ থেকে মো: সোহেল রানার (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুব আলম জানান, এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নবাবগঞ্জ, দিনাজপুর : ডিভোর্সি স্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় মফিদুল ইসলাম (৪০) নামে এক রাজমিস্ত্রিকে হত্যার অভিযোগে মাসুদ মিয়া (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ৪ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর অনুসন্ধান চালিয়ে ৮ সেপ্টেম্বর মাসুদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেট থেকে মফিদুলের লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মাসুদ জানান, ডিভোর্সের পর মানসিক হতাশায় থাকা অবস্থায় মফিদুলের সাথে কথোপকথনে তার ডিভোর্সি স্ত্রী নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তিনি আঘাত করে হত্যা করেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, গ্রেফতার মাসুদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।